বিয়ে-বিচ্ছেদের আলোচনার মাঝেই ‘চিল’ মুডে সাফা কবির
বিনোদন ডেস্ক

শোবিজ অঙ্গনে যখন প্রীতম হাসান ও শেহতাজের বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা, সমালোচনা ও ট্রল চলছে, তখন ভিন্ন কারণে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাফা কবির। কোনো বিতর্কিত মন্তব্য নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর নির্ভার একটি ছবি নিয়েই কৌতূহল তৈরি হয়েছে।
প্রীতম হাসান ও শেহতাজের বিয়েতেও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফা। পরে তাদের বিচ্ছেদের খবর সামনে আসার পর নেটিজেনদের কেউ কেউ সাফার অবিবাহিত জীবনকে চলমান বিয়ে-বিচ্ছেদের আলোচনার সঙ্গে মজার ছলে মিলিয়ে দেখছেন।
এর মধ্যেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ফুরফুরে মেজাজের একটি ছবি পোস্ট করেন সাফা। ছবিতে বেগুনি সোফায় বাথরোব পরে আয়েশ করে বসে থাকতে দেখা যায় তাঁকে। মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে সানগ্লাস এবং হাতে জুসের গ্লাস। সামনে রাখা ছিল ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস।
পোস্টের সঙ্গে বেকি জি, বেনি ব্লাঙ্কো ও সেলেনা গোমেজের গান ‘Te Olvido (La La)’ যুক্ত করেন অভিনেত্রী। সব মিলিয়ে নিজের নির্ভার সময় কাটানোর মুহূর্তই তুলে ধরেছেন তিনি।
ছবিটি প্রকাশের পর নেটিজেনদের অনেকে মজার মন্তব্য করেন। কেউ বলেন, সাফা যেন নিজের জনপ্রিয় মিম নিজেই তৈরি করেছেন। আবার কেউ নিজেদের বন্ধুমহলের অবিবাহিত ‘চিল’ জীবনযাপনের সঙ্গে সাফার ছবির তুলনা করেছেন।
তবে সাফা কবির নিজে তাঁর পোস্টে বিয়ে বা বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে তাঁকে ঘিরে তৈরি হওয়া এই আলোচনা মূলত নেটিজেনদের কৌতূহল ও মজার মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।
আ.দৈ/আরএস




















