মেরুদণ্ড ভেঙে হাসপাতালে অভিনেত্রী নুসরাত, নড়াচড়ায় নিষেধ
বিনোদন ডেস্ক

ইন্দোনেশিয়ার বালিতে অবকাশযাপনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই ফিরেছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে ফ্র্যাকচার ধরা পড়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাতে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়। হাসপাতালের সামনে স্ট্রেচারে করে তাঁকে অ্যাম্বুলেন্স থেকে নামানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় তাঁর মা ও পরিবারের সদস্যরা পাশে ছিলেন।
হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, শিগগিরই নুসরাতের মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। আঘাতের কারণে বর্তমানে তিনি নিজে থেকে নড়াচড়া করতে পারছেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নুসরাতের জনসংযোগ দল এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে অভিনেত্রীর চিকিৎসা ও সুস্থতাই তাদের প্রধান অগ্রাধিকার। দ্রুত আরোগ্যের জন্য ভক্তদের শুভকামনা চাওয়ার পাশাপাশি তাঁর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে সংবাদমাধ্যম ও অনুরাগীদের অনুরোধ করা হয়েছে।
দুর্ঘটনার এক সপ্তাহ আগেই বালির সমুদ্রসৈকত থেকে ছবি পোস্ট করেছিলেন নুসরাত। এদিকে দুর্ঘটনার আগে টাইগার শ্রফের সঙ্গে নতুন একটি সিনেমায় কাজের গুঞ্জনও চলছিল।
২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নুসরাতের। পরে ‘লাভ সেক্স অউর ধোঁকা’, ‘পেয়ার কা পঞ্চনামা’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।
আ.দৈ/আরএস




















