দেশের নাগরিক হিসেবে ন্যায়বিচার পাওয়ার অধিকার আমার আছে’: তানজিন তিশা
বিনোদন ডেস্ক

অনলাইন পেজের শাড়ি নিয়ে প্রতারণার মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হয়।
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিশা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য ভক্ত ও পরিচিতদের কাছ থেকে বিভিন্ন উপহার গ্রহণ করেন তাঁরা। এমনই একটি শাড়ি উপহার হিসেবে নেওয়ার পর তাঁকে মামলার মুখোমুখি হতে হয়েছে বলে জানান তিনি।
মামলার নথি অনুযায়ী, ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর কথা ছিল তিশার। পরে পেজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে গত বছরের নভেম্বরে প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করেন।
তিশার দাবি, পরিচিত এক বড় বোনের মাধ্যমে শাড়িটি উপহার হিসেবে পেয়েছিলেন তিনি। শাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে ‘সোলজার’ চলচ্চিত্রের শুটিংয়ের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় ছবি পোস্ট করতে কিছুটা দেরি হয় বলে জানান তিনি।
অভিনেত্রী বলেন, ছবি দেওয়ার জন্য সময় চাওয়ার পরও তাঁর বিরুদ্ধে ২৭-২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। তাঁর ভাষ্য, মামলা করার আগে অন্তত একবার তাঁর সঙ্গে সরাসরি কথা বলা যেত।
তিশা বলেন, ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, তা নিয়ে তিনি ভাবতে চান না। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশা করছেন।
নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনে আরও বহুবার আদালতে আসতেও তিনি প্রস্তুত। কেউ ক্ষমতার অপব্যবহার করলে তা মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।
আ.দৈ/আরএস




















