বলিউড ছেড়ে ধনকুবেরের ঘরণী, গায়ত্রীর পরিবারের সম্পদ ৪৮ হাজার কোটি
বিনোদন ডেস্ক

শাহরুখ খানের বিপরীতে ‘স্বদেশ’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন গায়ত্রী যোশী। তবে সিনেমাটির সাফল্যের পরও অভিনয়জগতে দীর্ঘ ক্যারিয়ার গড়েননি তিনি। মাত্র ২৮ বছর বয়সেই বলিউডকে বিদায় জানান এই অভিনেত্রী।
সম্প্রতি হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ প্রকাশের পর গায়ত্রীকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তালিকায় ভারতের অন্যতম ধনী অভিনেতা হিসেবে শাহরুখ খানের নাম আসার পাশাপাশি গায়ত্রীর স্বামী ও রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের সম্পদের পরিমাণও আলোচনায় এসেছে। তালিকা অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৪৮ হাজার ১০০ কোটি রুপি।
নব্বইয়ের দশকে ভিডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন গায়ত্রী। ২০০০ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর আন্তর্জাতিক মঞ্চেও ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।
২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ সিনেমায় গীতার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন গায়ত্রী। তবে এটিই হয়ে থাকে তাঁর একমাত্র সিনেমা। এরপর সংসার ও সন্তানদের সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অভিনয় থেকে সরে দাঁড়ান তিনি।
বিভিন্ন সাক্ষাৎকারে গায়ত্রী জানিয়েছেন, কাজ ও পরিবার—কোনো ক্ষেত্রেই অর্ধেক মনোযোগ দিতে চাননি। তাই রূপালি পর্দার বদলে পরিবারকেই অগ্রাধিকার দেন। অভিনয় থেকে দূরে থাকলেও ‘স্বদেশ’-এর গীতা চরিত্রের কারণে দর্শকদের কাছে এখনো পরিচিত মুখ গায়ত্রী যোশী।
আ.দৈ/আরএস




















