দিল্লিতে হাসিনার বক্তব্য দেয়ার ঘটনায় নতুন করে কূটনৈতিক অস্বস্তি বাড়ছে
শাহীন রহমান

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্ক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনায় আনুষ্ঠানিক অসন্তোষ জানানো হয়েছে। একই সঙ্গে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ভারতের ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। ঘটনাটি দুই প্রতিবেশী দেশের সম্পর্কে তাৎক্ষণিক উত্তেজনা তৈরি করলেও বিশ্লেষকদের মতে, এর দীর্ঘমেয়াদি প্রভাব নির্ভর করবে দুই দেশের কূটনৈতিক সংলাপ এবং পারস্পরিক আস্থার ওপর।
শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট। সরকারের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বক্তব্য দেয়ার জন্য একজন সাবেক সরকারপ্রধানকে ভারতের মাটিতে এমন সুযোগ দেয়া দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তিকর বার্তা বহন করে। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের উদ্বেগ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে।
অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচিত সংবাদ সম্মেলনের আয়োজন ভারত সরকার করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগ ছিল এবং সেখানে প্রকাশিত মতামতের দায় ভারত সরকারের নয়। ভারতের এই ব্যাখ্যার পরও ঢাকার উদ্বেগ পুরোপুরি দূর হয়নি। বিএনপি সরকারের একাধিক সূত্র বলছে, ভারত সরকারের পক্ষ থেকে যে বক্তব্যই দেওয়া হোক না কেন, তাদের সমর্থন ছাড়া নয়া দিল্লিতে এ ধরনের সংবাদ সম্মেলন করা সম্ভব নয় বলে তারা মনে করেন। আর সেকারণে বিএনপি সরকারের পক্ষ থেকে ও দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্য থেকেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিলো- এটি আমাদের প্রশ্ন।
বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ নেতারাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দলের নেতারা অভিযোগ করেন, ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দুই দেশের পারস্পরিক আস্থার জন্য ইতিবাচক নয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রকাশ্যে বলেন, এ ধরনের পদক্ষেপ বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও।
বিশেষজ্ঞরা বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি, নদীর পানি বণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক যোগাযোগ সব ক্ষেত্রেই দুই দেশ একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। গত কয়েক দশকে উভয় দেশ সীমান্ত অপরাধ দমন, বিদ্যুৎ আমদানি, রেল ও সড়ক যোগাযোগ, ট্রানজিট সুবিধা, বাণিজ্য সম্প্রসারণ এবং নিরাপত্তা সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ফলে রাজনৈতিক কোনো ইস্যু থেকে সৃষ্ট উত্তেজনা শুধু কূটনৈতিক পর্যায়েই সীমাবদ্ধ থাকে না; তা অর্থনীতি, বাণিজ্য এবং আঞ্চলিক সহযোগিতার ওপরও প্রভাব ফেলতে পারে।
রাজনৈতিক আস্থার প্রশ্ন
বিশ্লেষকদের মতে, বর্তমান বিতর্কের মূল বিষয় শেখ হাসিনার বক্তব্য নয়; বরং প্রতিবেশী রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে অন্য একটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার বিষয়টি। আন্তর্জাতিক কূটনীতিতে সাধারণভাবে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি সম্পৃক্ততা এড়িয়ে চলার নীতি অনুসরণ করা হয়। সবাংলাদেশের পক্ষ থেকে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা মূলত ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো এবং পারস্পরিক আস্থা বজায় রাখার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।
সামনে যেসব বিষয়ে প্রভাব পড়তে পারে
যদি এ ধরনের ইস্যু দীর্ঘায়িত হয়, তাহলে কয়েকটি ক্ষেত্রে প্রভাব দেখা দিতে পারে। প্রথমত, উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ কিছুটা শ্লথ হতে পারে। দ্বিতীয়ত, রাজনৈতিক আস্থার ঘাটতি তৈরি হলে বিভিন্ন দ্বিপক্ষীয় আলোচনায় অতিরিক্ত সতর্কতা দেখা দিতে পারে। তৃতীয়ত, সীমান্ত, বাণিজ্য বা নদীর পানি বণ্টনের মতো সংবেদনশীল বিষয়ে আলোচনার পরিবেশ কিছুটা কঠিন হতে পারে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এতটাই বিস্তৃত যে একটি রাজনৈতিক ঘটনা পুরো সম্পর্ককে দীর্ঘমেয়াদে নির্ধারণ করবে এমন সম্ভাবনা তুলনামূলক কম।
অর্থনৈতিক সম্পর্কের বাস্তবতা
ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে বছরে কয়েক বিলিয়ন ডলারের পণ্য আমদানি-রপ্তানি হয়। এছাড়া বিদ্যুৎ আমদানি, জ্বালানি সহযোগিতা, রেল ও নৌপথে যোগাযোগ এবং সীমান্ত বাণিজ্য দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উভয় দেশ সাধারণত অর্থনৈতিক ও উন্নয়নমূলক সহযোগিতা সচল রাখার চেষ্টা করে। অতীতেও বিভিন্ন রাজনৈতিক মতবিরোধ দেখা দিলেও বাণিজ্য ও যোগাযোগ প্রকল্পগুলো পুরোপুরি বন্ধ হয়নি।
নিরাপত্তা সহযোগিতা
বাংলাদেশ ও ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ দমন, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে সহযোগিতা করছে। এই সহযোগিতা দুই দেশের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক উত্তেজনা বাড়লেও নিরাপত্তা সহযোগিতা সম্পূর্ণ স্থবির হয়ে যাওয়ার সম্ভাবনা কম। কারণ এ ধরনের সহযোগিতা উভয় দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত।
কূটনৈতিক পথেই সমাধানের প্রত্যাশা
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যের চেয়ে কূটনৈতিক সংলাপই সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে তার উদ্বেগ ভারতের কাছে তুলে ধরেছে। ভারতও নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। এখন উভয় দেশের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত যোগাযোগের মাধ্যমেই বিষয়টি এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারা মনে করেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক কেবল একটি ঘটনার ওপর নির্ভরশীল নয়। পারস্পরিক স্বার্থ, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দীর্ঘদিনের কূটনৈতিক যোগাযোগ—সবকিছু বিবেচনায় নিয়ে উভয় পক্ষই উত্তেজনা প্রশমনের পথ খুঁজবে।
সামনে কী
রাষ্ট্রপতি নির্বাচন, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক কূটনৈতিক বাস্তবতার মধ্যেই বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন এক পরীক্ষার মুখে পড়েছে। শেখ হাসিনার দিল্লি বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্ক আপাতত দুই দেশের মধ্যে অস্বস্তি তৈরি করলেও, সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের ওপর।
পর্যবেক্ষকদের মতে, পারস্পরিক সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে সংবেদনশীলতা এবং নিয়মিত কূটনৈতিক সংলাপ বজায় থাকলে সাময়িক এই অস্বস্তি কাটিয়ে দুই দেশ আবারও বাস্তবভিত্তিক সহযোগিতার ধারায় ফিরতে পারবে। তবে ভবিষ্যতে একই ধরনের ঘটনা এড়াতে উভয় পক্ষেরই আরও সতর্ক ও দায়িত্বশীল কূটনৈতিক আচরণ প্রয়োজন হবে।
আ.দৈ/আরএস




















