রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ
এনবিআর’র কর্মকর্তা রঞ্জিত ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা,১২৩টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ৬:১৮ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৫ ৬:২৩ পিএম  (ভিজিট : ১৬৫)
X

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য ও সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনিদিষ্ট অভিযোগে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত সাবেক কর কমিশনার রঞ্জিত ও তার স্ত্রীর নামে ১২৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।

গতকাল রোববার (৪ মে) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সালের ৫(২) ধারায় মামলা দায়ের করেছেন।

দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১০৫ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। তার স্ত্রী ঝুমুর মজুমদার স্বামীর সহায়তায় ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জন করেছেন। এ মামলায় স্বামী ও স্ত্রী দুজনকেই আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা হয়েছে।

এর আগে, গত বছরের ১৬ অক্টোবর রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। চলতি বছরের ১৬ মার্চ সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।

সূত্র মতে, সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (কর ক্যাডার) কর কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন তিনি।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝