খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো.সাবিরুল আলমসহ ৮জনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার উল্লেখ করা হয়েছে, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম ও দুর্নীতির সুনিদিষ্ট অভিযোগ রয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতার উল ইসলাম গণমাধ্যমকে জানিয়ে কমিশনের এক সভায় গত সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের ফলে যে কোন দিন মামলাটি দায়ের করা হবে।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফরে গিয়ে ওই সড়ক নির্মাণে দীর্ঘ ১৩ বছরের নজিরবিহীন বিলম্বের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছিলেন।
দুদক জানায়, স্থানীয় ঠিকাদার মাহাবুব ব্রাদার্স লিমিটেডকে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছিল। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ি সড়কটি নির্মাণ না করে সরকারের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে এই ঠিকাদার।
অভিযুক্তদের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে যা শাস্তিযোগ্য অপরাধ।
অভিযুক্ত অপর ৭জন হলেন, আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের লিড পার্টনার মো. আতাউর রহমান, ঠিকাদারি কোম্পানি মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পার্টনার শেখ মাহাবুব রহমান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, কেডিএর নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস ও উপসহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।
আ. দৈ./একে




















