রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাকিবের সঙ্গে প্রেমের কথা শুনলে হাসি পায় পূজার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:২৫ পিএম  আপডেট: ১৮.০১.২০২৫ ৯:০৬ পিএম  (ভিজিট : ১৯৭)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

রায়হান রাফীর ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন পূজা চেরী। এবার রাফীর ‘ব্ল্যাক মানি’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হলো তাঁর। বঙ্গতে মুক্তি পাওয়া সিরিজটিতে পূজার অভিনয় নিয়ে বিস্তর চর্চা চলছে অন্তর্জালে।  

‘ব্ল্যাক মানি’ পূজা চেরীর যেমন প্রথম সিরিজ, তেমনি রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ। প্রথম সিরিজটিতে পূজার দিকে চোখ ছিল অনেকের। উঠতি নায়িকা ‘শায়লা’ চরিত্রে আবেদনময়ী রূপে দেখা গেছে তাঁকে। পূজা জানালেন, এই সিরিজ নিয়ে এখনো ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি।

জানালেন এমন চরিত্র এবারই প্রথম করলেন। তাই শুরুর দিকে চিন্তিত ছিলেন। কিন্তু এখন তাঁর মনে হচ্ছে, পরিচালকের উৎসাহে উতরে যেতে পেরেছেন। তিনি বললেন, ‘সিরিজটি মুক্তির পর থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। কেউ ভিন্নমতও পোষণ করেছেন। সবার কাছ থেকে পাওয়া ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। তবে বেশির ভাগই আমার অভিনীত চরিত্রটির প্রশংসা করছেন। এটা নিয়েই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এই চরিত্র যে আমাকে মানাবে, তা ভাবতে পারিনি। পরিচালক নিশ্চিত ছিলেন, তাই আমার কথা ভেবেছেন। আমিও চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা মেনে কাজ করে যেতে।’

ফিটনেস নিয়ে বেশ সচেতন পূজা চেরী। তবে এই সিরিজের জন্য চরিত্র হয়ে উঠতে ওজন বাড়াতেও হয়েছে। আগে মা খাওয়ানোর জন্য খাবার নিয়ে পূজার পেছন পেছন ঘুরতেন, ‘ব্ল্যাক মানি’ শুরুর আগে সেই পূজা নিজেই খাবার খুঁজে খুঁজে খেয়েছেন। 

পূজা বলেন, আমাকে আগেই বলা হয়েছিল ওজন বাড়াতে হবে। শুরুতে যদিও আমি ওজন বাড়াতে চাইনি। পরে ভাবলাম, চরিত্রের উপযোগী হতে হলে তো করতে হবে। গল্পটা ভালো লাগায় আমিও পরে আর আগপিছ ভাবিনি। 

সিরিজের শুটিং শেষে আবার ওজন ঝরানোর মিশনে নেমেছেন পূজা। জানালেন, শিগগিরই আগের অবস্থায় ফিরবেন।  

আলাপে আলাপে পূজা চেরী জানালেন, তাঁর নাকি খুব মুড সুইং হয়। এই মনে হয় কিছু করবেন, এই মনে হয় করবেন না। মাঝেমধ্যে আবার হুট করে বিয়ে করে ফেলতেও নাকি ইচ্ছা করে!

পূজা বললেন, আবার মনে হয়, আমার বিয়ের বয়সই তো হয়নি। এখন বিয়ে করব না। এখন কাজের বয়স, কাজ করে যাব। আবার মাঝে মাঝে এ-ও মনে হয়, ধুর, কিছুই করব না। চলে যাব দূরে কোথাও। সন্ন্যাসী হয়ে যাব। সবকিছুর পর যেহেতু আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে অভিনেত্রী হিসেবে দেখা। তার সেই জেদ বলি বা যা-ই বলি না কেন- সে কারণে আজ যা-ই হয়েছি তার কারণে। মায়ের আরও বড় ইচ্ছা। সেই ইচ্ছা পূরণ করতে চাই।’ বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে জানালেন প্রেম নিয়ে ভাবনাও, ‘প্রেম ও কাজ একসঙ্গে সমন্বয় করা যায় না। হয় মনোযোগ দিয়ে প্রেম করতে হবে, নয়তো কাজ। যেহেতু কাজ করছি, আপাতত প্রেমকে পাশে রেখেছি। প্রেমকে বলেছি, তুমি আমার জীবনে পরে আসো, আগে কাজকর্ম করি।’
 

প্রসঙ্গ যখন শাকিব খানের সঙ্গে প্রেম
গলুই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সময় পূজার প্রেমের গুঞ্জন চাউর হয়। ইদানীং শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতিতে এই গুঞ্জন আরও মাথাচাড়া দিয়েছে। শাকিবের ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও দেখা গেছে পূজাকে। সব মিলিয়ে শাকিবের সঙ্গে পূজা এখন আরও বেশি চর্চিত। তবে শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শুনলে পূজার নাকি হাসি পায়।

তিনি বললেন, শাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব, তাঁর সঙ্গে প্রেম! এটা যাঁরা বলেন, তাঁদের নিজেদের লজ্জা থাকা উচিত। আমরা যারা কাজ করি, হোক তা সিনিয়র কিংবা জুনিয়র, আমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়। যদি শাকিব ভাইয়ের কথা বলি বা সিয়াম, রোশান, এ বি এম সুমন; যাদের কথাই বলি না কেন, সবার সঙ্গে আমার কাজ হয়েছে। প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু। শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না। তাঁকে ভীষণ শ্রদ্ধা করি।
 
পূজা জানালেন, শুটিং শেষ হওয়া তাঁর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। নতুন আরও কয়েকটি প্রকল্প নিয়ে আলাপ চলছে। তবে কেবল সংখ্যায় নয়, মানসম্পন্ন কাজের সংখ্যা বাড়াতে চান তিনি।


আ.দৈ/এআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝