ডেটিং অ্যাপে বিকল্প বাড়লেও ভালোবাসা খোঁজা কঠিন: ঐশ্বরিয়া লক্ষ্মী
বিনোদন ডেস্ক

ডেটিং অ্যাপে পছন্দের মানুষের সংখ্যা বাড়লেও ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া আগের চেয়ে কঠিন হয়ে গেছে বলে মনে করেন অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। তাঁর মতে, অতিরিক্ত বিকল্পের কারণে সঠিক মানুষটিকে বেছে নেওয়া আরও বিভ্রান্তিকর হয়ে উঠেছে।
সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম, ডেটিং অ্যাপ ও আধুনিক সম্পর্কের ধরন নিয়ে কথা বলেন ঐশ্বরিয়া। আধুনিক ডেটিংকে কেন্দ্র করে নির্মিত নেটফ্লিক্সের সিরিজ ‘#লাভ’-এ অর্জুন দাসের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
ঐশ্বরিয়া বলেন, এত বিকল্পের মধ্যে মানুষ অনেক সময় কোন পথে এগোবেন, তা নিয়ে দ্বিধায় পড়ে যান। তবে শেষ পর্যন্ত প্রত্যেকের খোঁজ থাকে এমন একজন মানুষের, যাঁকে নিজের মানুষ মনে হয়।
আধুনিক সম্পর্কের নানা নতুন শব্দ নিয়েও মজা করেন তিনি। ‘সিচুয়েশনশিপ’, ‘ন্যানোশিপ’সহ বিভিন্ন শব্দের প্রসঙ্গ তুলে ঐশ্বরিয়া বলেন, সম্পর্কের ধরন নিয়ে মানুষ এখন অনেক বেশি বিভ্রান্ত।
ভালোবাসার অর্থ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সময়ের সঙ্গে তাঁর ধারণা বদলেছে। এখন তাঁর কাছে ভালোবাসা মানে স্বস্তি, নিরাপত্তা, মানসিক সামঞ্জস্য এবং নিজের মতো করে প্রকাশ করার স্বাধীনতা। সঙ্গীর কাছে নিজেকে বিচারহীনভাবে প্রকাশ করতে পারাটাকেও তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।
জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও মানসিক নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন ঐশ্বরিয়া। তাঁর মতে, এমন একজন মানুষ প্রয়োজন, যার কাছে কোনো দ্বিধা ছাড়াই নিজের সব কথা বলা যায় এবং দুজনের ব্যক্তিগত স্বাধীনতাও বজায় থাকে।
সম্পর্কে বন্ধুত্বের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। সফল দাম্পত্যে থাকা পরিচিতদের উদাহরণ দিয়ে ঐশ্বরিয়া বলেন, জীবনসঙ্গী হওয়ার আগে ভালো বন্ধু হয়ে ওঠাও সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।
পর্দায় তীব্র প্রেমের গল্পে অভিনয় করলেও বাস্তব জীবনে সহজ ও সুখী ভালোবাসার গল্পই তাঁর পছন্দ। ঐশ্বরিয়া বলেন, তীব্র ও কষ্টদায়ক প্রেমের গল্পে তিনি ক্লান্ত; ব্যক্তিগতভাবে তিনি সুখী সমাপ্তির গল্পই বেশি পছন্দ করেন।
আ.দৈ/আরএস




















