‘একপ্রকার অপহরণ করা হয়েছিল আমাকে’, আয়োজকদের বিরুদ্ধে মডেল আকাঙ্ক্ষার অভিযোগ
বিনোদন ডেস্ক

অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়া, অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন ভারতীয় মডেল আকাঙ্ক্ষা চৌধুরী। তাঁর দাবি, জোর করে গাড়িতে তুলে তাঁকে অনুষ্ঠানের মাঠে নিয়ে যাওয়া হয়, যা তাঁর কাছে অপহরণের মতো মনে হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানের প্রচারে তাঁর ছবি ব্যবহার করা হলেও আয়োজকেরা পারিশ্রমিক পরিশোধ করেননি। পুরো আয়োজনে চরম অব্যবস্থাপনা ছিল বলেও দাবি করেন তিনি। আয়োজক দলের তিন সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং তাঁদের প্রত্যেকের বয়স ১৮ বছর বলে জানান এই মডেল।
আকাঙ্ক্ষা জানান, রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষ হওয়ার কথা থাকলেও তাঁকে নিতে আয়োজকদের কেউ আসেননি। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় তিনি আপত্তি জানালেও তা গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে পুলিশের কাছে অভিযোগ করারও হুঁশিয়ারি দেন মডেল।
ঘটনার বর্ণনা দিয়ে আকাঙ্ক্ষা বলেন, তাঁকে জোর করে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানের মাঠে নিয়ে যাওয়া হয়। দর্শকদের সামনেই গাড়ি থামিয়ে দেওয়া হয়েছিল। তখন তিনি চিৎকার করে জানান, তাঁর সঙ্গে কোনো টিম নেই এবং তিনি সেখানে নিরাপদ বোধ করছেন না। কিন্তু আয়োজক দলের সদস্যরা তাঁর কথা শোনেননি বলে অভিযোগ করেন তিনি।
আকাঙ্ক্ষার ভাষ্য, একপর্যায়ে তিনি আয়োজক দলের সদস্যদের চড় মারলে তাঁরা গাড়ি থামান। এ ঘটনায় সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন তিনি। তবে আকাঙ্ক্ষা চৌধুরীর এসব অভিযোগের বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আ.দৈ/আরএস




















