মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ, তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা
বিনোদন ডেস্ক

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে বিরোধের জেরে করা আগের মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এ মামলায় আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত এ নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সানায়া। দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় করা ওই মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বাদী।
অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর মুঠোফোনে তানজিন তিশা তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘আমি যদি তোমার পেছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না।’ এ ছাড়া ডিবি পুলিশ নিয়ে বসার কথাও বলা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, আগের মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হলে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিল করেন। পরে ২০২৬ সালের ২৫ অক্টোবর ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন তিনি।
আদালত আবেদনটি মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, তদন্ত প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তানজিন তিশা ক্ষুব্ধ হন। এরপর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মাধ্যমে বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হয়। মামলা তুলে না নিলে তাঁকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন বাদী।
নিজেকে নিরাপত্তাহীন মনে করে নিকটস্থ থানায় মামলা করতে গেলে তাঁকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য জানা যায়নি।
আ.দৈ/আরএস




















