সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৭:২০ পিএম   (ভিজিট : ১৭৩)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

আশপাশের দেশের মিডিয়াগুলো (গণমাধ্যম) বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ জন্য দেশের সাংবাদিকদের সত্য ঘটনা প্রকাশের আহ্বান জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি।

আজ সোমবার দুপুরে রংপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এক বিফ্রিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, পুলিশ কমিশনার মজিদ আলীসহ বিভাগের ৮ জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আপনারা সত্য ঘটনাগুলো প্রকাশ করবেন এবং অপপ্রচারের জবাব দেবেন। আপনারা যদি সত্য ঘটনাটা জানান দিতে পারেন, তারা সঠিক জবাব পেয়ে যাবে।

সীমান্তে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত পরিবারগুলো ন্যায়বিচার পাবে কি-না, সাংবাদিকের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমার হাতে নয়, এটা বিচারকদের হাতে।

তিনি বলেন, পুলিশের নিয়োগের সময় নানা ধরনের অভিযোগ ওঠে। কিন্তু এবার পুলিশের উপপরিদর্শক (এসআই) বা কনস্টেবল নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়নি। কোনো ধরনের দুর্নীতির তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা কমিটির মিটিং ছিল। অন্যান্য এলাকার তুলনায় রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু আরও ভালো দিকে নেয়ার জন্য দিকনির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুরের পীরগঞ্জে আসেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে যান। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরে তাঁর পরিবারের খোঁজখবর নেন।


আ.দৈ/এআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝