সরকারি ছুটির বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অফ ডে’ নয়: দুলু
লালমনিরহাট প্রতিনিধি

সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত কোনো ‘অফ ডে’ রাখা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা শহরের চার্চ অব গড মিশন ক্যাম্পাসে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির প্রচার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে এক বছরের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, কোনো শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কার্যক্রম চলাকালে বিকেল ৪টার আগে প্রতিষ্ঠান ত্যাগ করতে পারবেন না। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকলে শিক্ষার্থীদের উপস্থিতিও নিশ্চিত করা সম্ভব হবে।
সরকারি ছুটির বাইরে অতিরিক্ত ছুটি নেওয়ার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে দুলু বলেন, পাঠদান শেষে যেসব শিক্ষকের ক্লাস থাকবে না, তাদের প্রয়োজনে প্রশাসনিক ও অন্যান্য দায়িত্ব পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সরকারি ছুটির বাইরে নিয়মিত চালু রাখতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এসব ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। প্রয়োজন হলে এ বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির লিফলেট ও প্রচারপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি মন্ত্রীর লেখা ‘জাগো বাহে তিস্তা’ বই বিতরণ করা হয়।
আ.দৈ/আরএস




















