শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ
ভোলা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। গুমের ঘটনায় শেখ হাসিনা জড়িত ছিলেন এবং এ বিষয়ে তিনি নির্দেশদাতা ছিলেন বলেও অভিযোগ করেন স্পিকার।
শনিবার ভোলার লালমোহনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে শেখ হাসিনা সান্ত্বনা দিতেন এবং তাদের ফিরে আসার আশ্বাস দিতেন। অথচ তার দাবি, একই সময়ে গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা ছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব তথ্যের মাধ্যমে অতীতের অনেক ঘটনা এখন জনগণের সামনে স্পষ্ট হয়েছে।
বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগও তোলেন স্পিকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিভিন্ন সরঞ্জামের অস্বাভাবিক দাম দেখানো এবং সাবেক এক ভূমি প্রতিমন্ত্রীর বিদেশে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ করেন তিনি। এসব বক্তব্যের পক্ষে তিনি সভায় বিস্তারিত কোনো নথি উপস্থাপন করেননি।
লালমোহনের স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন হাফিজ উদ্দিন আহমেদ। অতীতে তার নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর এবং সাবেক এমপি নাজিম উদ্দিন আলমকে মারধরের অভিযোগ তুলে তিনি বলেন, আগের সরকারের সময়ে এলাকায় রাজনৈতিক সহিংসতার পরিবেশ ছিল।
মতবিনিময় সভার শেষ পর্যায়ে নিজের নির্বাচনি এলাকার মানুষের কাছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হিসেবে তার ভূমিকা নিয়ে সন্তুষ্ট কি না জানতে চান হাফিজ উদ্দিন আহমেদ। পরে সংসদীয় পদ্ধতির আদলে উপস্থিতদের ‘হ্যাঁ-না’ ভোট নেওয়া হয়। ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে করতালির মধ্য দিয়ে সভা শেষ হয়।
আ.দৈ/আরএস




















