দরকার হলে কফিন খুলে দেখব, হাসিনার মাথা কিনা’
যশোর প্রতিনিধি

বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের গুঞ্জন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোলে সমাবেশের পর এ সতর্কতা নেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাহারায় নেমেছেন স্থানীয় বাসিন্দারাও।
সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখব হাসিনার মাথা কিনা।’
ভিডিওতে দেখা যায়, বেনাপোল সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে অবস্থান করছেন স্থানীয় লোকজন। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে বিজিবি সদস্যদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। একপর্যায়ে ওই বিজিবি সদস্যকে এমন মন্তব্য করতে শোনা যায়।
রোববার সন্ধ্যা থেকেই বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে বা দেশ থেকে ভারতে যেতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।
বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, সন্দেহজনক চলাচল ও চোরাচালান ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজনে স্থানীয় জনগণের সম্পৃক্ততায় দিন-রাত টহল আরও বাড়ানো হবে।
সীমান্ত এলাকায় কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, রোববার বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোলে বাংলাদেশের আটক সনাতনী সম্প্রদায়ের নেতা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সমাবেশে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।
ভারতীয় গণমাধ্যমের বরাতে আরও জানা গেছে, সমাবেশের পর ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন।
আ.দৈ/আরএস




















