অভয়পাশা বাইপাস সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নানা অভিযোগ
নেত্রকোনা জেলা সওজ কার্যালয়ে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার অভয়পাশা বাইপাস সড়কের প্রায় ৭ কিলোমিটার সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কার্যাদেশ ও নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ সম্পাদন না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নেত্রকোনা জেলা সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় এবং প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা।
আজ বুধবার (১১ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজীর আহমেদ গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে টিমের সদস্যরা অভিযোগের যথার্থতা যাচাই ও নির্মাণকাজের গুণগত মান নিরূপণের লক্ষ্যে একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সংশ্লিষ্ট প্রকল্পের প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেন। একই সাথে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করেন এবং প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শনকালে প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও কাজের গুণগত মান সম্পর্কে স্থানীয় ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করেন।
নিরপেক্ষ প্রকৌশলীর কারিগরি মতামত এবং সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনাপূর্বক অভিযোগের বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
আ. দৈ./একে




















