পাবনা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
পাবনা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল নিবন্ধন ও নকল উত্তোলনে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবাগ্রহীতাদের হয়রানির সুনিদিষ্ট অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযান পরিচালনা করেছেন।
আজ বুধবার (১১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে পাবনা সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এনফোর্সমেন্ট টিমের সদস্যদের অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা মো. তানজীর আহমেদ।
তিনি আরো জানান, ওই সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধন ও দলিলের নকল উত্তোলনকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবাগ্রহীতাদের হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজ এই অভিযান পরিচালিত হয়েছে। পাবনা সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যগণ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখকদের সেরেস্তা, রেকর্ডরুম ও এজলাস কক্ষের আশপাশে অবস্থান করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। দুদক কর্মকর্তারা অভিযোগের বিষয়ে সরেজমিনে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। একই সঙ্গে কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
অভিযানে উপস্থিত সেবাগ্রহীতাদের বক্তব্যে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগটি প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়। লোকজন দুদক কর্মকর্তাদের জানান, দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 'দলিল লেখক সমিতি'র নামে দলিল লেখকগণ সরকার নির্ধারিত ফির বাইরেও জনপ্রতি ২ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অবৈধ অর্থ আদায় করছেন।
অভিযানকালে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র পর্যালোচনা করে অভিযোগের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।
আ. দৈ. /একে




















