মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের ধর্মঘট ঘিরে গোপালগঞ্জে সহিংসতা, পুলিশের গাড়িতে আগুন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ০)
X

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে লগি-বৈঠা নিয়ে জড়ো হন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাঁরা গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন।

পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ও ভাঙচুর করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। লঞ্চঘাট গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া গোপালগঞ্জ, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এবং টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

এর আগে সোমবার রাতে জেলা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মুকসুদপুর ও কোটালীপাড়ার কয়েকটি স্থানেও বিস্ফোরণ ঘটে। এ ছাড়া বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ এবং কোটালীপাড়ায় মশাল মিছিল করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বলে জানা গেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, এসব ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘটনার পর অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝