শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতা হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের গেটের সামনে এ ঘটনা ঘটে। হামলায় তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি জাহিদ আহসান।
রিসোর্ট সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব। মঙ্গলবার তাঁর চেকআউটের কথা ছিল। এর আগেই সকালে হামলার ঘটনা ঘটে।
রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন জানান, এক নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টের ১১৮ নম্বর কক্ষের ‘অগ্নিবীণা’তে ছিলেন হাসিব। হামলার পর তিনি আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন বলে জানান ব্যবস্থাপক।
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারীর সঙ্গে অটোরিকশায় থাকা হাসিবকে কয়েকজন আটকে হামলা করতে দেখা যায়। হামলাকারীদের একজন তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে সম্বোধন করেন। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশীয় অস্ত্র নিয়ে হামলায় হাসিব আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার নিন্দা জানিয়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
আ.দৈ/আরএস




















