নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে চায় তারেক রহমানের সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
বগুড়া প্রতিনিধি

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করতে স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামের ছোটখাটো সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধানের লক্ষ্য নিয়ে স্বনির্ভর গ্রাম সরকার ব্যবস্থা চালুর কাজ চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন। পরে ১৯৮২ সালে এটি বন্ধ হয়ে যায়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৩ সালে আবারও এ ব্যবস্থা চালুর উদ্যোগ নেন, যার কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার আইনটি বাতিল করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আবারও গ্রাম সরকার আইন পুনঃপ্রবর্তনের কাজ চলছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রথম ধাপে সম্ভবত ২১ জানুয়ারি এবং পরবর্তী ধাপে ৪ বা ৬ জানুয়ারি নির্বাচন হতে পারে। এরপর রমজানের পর ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, গত ২০ বছর ধরে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার প্রতিষ্ঠার যে লড়াই হয়েছে, সেই অধিকার ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় সরকার।
রাজনৈতিকভাবে নিষিদ্ধঘোষিত সংগঠন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সংগঠন নিয়ে কথা বলা বা সংবাদ প্রকাশ করাও উচিত নয়। তারা নাশকতার চেষ্টা চালাচ্ছে। তবে ফ্যাসিবাদের প্রশ্নে সরকারি দল ও বিরোধী দলের সবাই একমত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট পাওয়ার অধিকারী হতে পারেন না। হাসিনার করা আইনেই তাঁর বিচার হয়েছে এবং সেই রায় বাস্তবায়ন হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণা করে তিনি বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আটজন প্রয়াত সাংবাদিককে মরণোত্তর এবং ছয়জন সাংবাদিককে আজীবন সম্মাননা দেওয়া হয়। মরণোত্তর সম্মাননা পান আমান উল্লাহ খান, যাহেদুর রহমান যাদু, খন্দকার আব্দুর রহীম হিরু, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মোহন্ত শানু ও ইকবাল মোর্শেদ রিপন। আজীবন সম্মাননা পান ওয়াসিকুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান রুমন।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান মোহন আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেরুল সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















