পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
নিজেস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে লোকজনকে হয়রানী,ঘুষ-দুর্নীতি এবং বহিরাগত দালালচক্রের দৌরাত্ম্য অনেক বেড়েছে। প্রতিনিয়ত কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে পাসপোর্ট সেবা প্রদানে অযথা হয়রানি, সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমকে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতার উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, পিরোজপুর জেলা সমন্বিত দুদকের কার্যালয় একটি এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা প্রদান কেন্দ্র পর্যবেক্ষণ করে। পরবর্তীতে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে পাসপোর্ট সেবা গ্রহণে কোনো ধরনের হয়রানি, অনিয়ম কিংবা দালালচক্রের দৌরাত্ম্যের শিকার হচ্ছেন কি না, তা যাচাই করেন।
এছাড়াও অভিযানকালে দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা পাসপোর্ট আবেদনগুলোর তালিকা সংগ্রহ করে পর্যালোচনা করা হয়।পাসপোর্ট সেবা প্রদান প্রক্রিয়া নির্বিঘ্ন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখার লক্ষ্যে এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে এ বিষয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
আ. দৈ. /একে




















