বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
এ মাসেই শুরু হচ্ছে বিমানবন্দর-কামালাপুর পাতাল মেট্রো স্টেশনের কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম   (ভিজিট : ০)
X

বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্পের আওতায় চারটি স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ চলতি মাসেই শুরু হচ্ছে। চুক্তি প্যাকেজ-৩-এর অধীনে কমলাপুর, রাজরবাগ, মালিবাগ ও রামপুরা পাতাল স্টেশনে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা। বুধবার এ তথ্য জানান ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি লাইন-১) প্রকল্প পরিচালক মো. সরওয়ার উদ্দিন খান।

তিনি জানান, চুক্তি প্যাকেজ-৪-এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর পাতাল স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব স্টেশনের মধ্যে উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগরে গত বছরের ২০ জানুয়ারি এ কাজ শুরু হয়। প্রকল্প পরিচালক আরও জানান, চুক্তি প্যাকেজ-৬-এর আওতায় বিমানবন্দর, টার্মিনাল-৩ ও খিলক্ষেত এবং প্যাকেজ-৫-এর অধীনে নর্দ্দা স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

১২ স্টেশনে সরানো হচ্ছে সেবা সংযোগ

প্রকল্পের তথ্য অনুযায়ী, দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ মোট ১২টি চুক্তি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। এর আগে দুই রুটের বিস্তারিত সমীক্ষা, জরিপ এবং প্রাথমিক ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ সম্পন্ন করা হয়। প্রকল্পের আওতায় ১২টি পাতাল স্টেশনের আশপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন ইউটিলিটি লাইন ও সেবা সংযোগ একটি সমন্বিত ‘ইউটিলিটি কমন করিডরে’ স্থানান্তরের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

নির্মাণকাজ চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। বাকি স্টেশনগুলোতে মূল নির্মাণ প্যাকেজের সঙ্গে সমন্বয় করে ইউটিলিটি স্থানান্তরের কার্যক্রম নেওয়া হচ্ছে। প্রকল্প কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এসব কাজ ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য ছিল। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, কিছু কার্যক্রম আগামী বছরের অক্টোবর বা নভেম্বর পর্যন্ত চলতে পারে।

বিমানবন্দর থেকে কমলাপুর, আরেক রুট যাবে পূর্বাচলে

এমআরটি লাইন-১ দুটি সংযুক্ত রুট নিয়ে গঠিত। এর মধ্যে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর রুটটি সম্পূর্ণ পাতালপথে নির্মিত হবে। এ পথে ১২টি স্টেশন থাকবে। রুটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত করবে। অন্যদিকে, ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে সাতটি উড়াল ও দুটি পাতাল স্টেশন থাকবে। এ রুট নতুনবাজারকে পূর্বাচলের সঙ্গে সংযুক্ত করবে। প্রকল্পের জন্য বাংলাদেশ রেলওয়ে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন জমি ডিএমটিসিএলের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

ডিপোর ভূমি উন্নয়ন শেষ

প্রকল্পের চুক্তি প্যাকেজ-১-এর আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ৩৫ দশমিক ৯০ হেক্টর বা ৮৮ দশমিক ৭১ একর জমিতে ডিপোর ভূমি উন্নয়নকাজ ২০২৫ সালের ৩১ আগস্ট শেষ হয়েছে। এ কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ১ মার্চ। এদিকে, গত ১৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এমআরটি লাইন-১ এবং প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (উত্তর) প্রকল্পের সংশোধিত বাজেট অনুমোদন করে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) উভয় প্রকল্পে অর্থায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ও আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট কমানো এবং নগর পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আ.দৈ/এসআর












Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝