বাংলাদেশ মিশন ঘেরাও ঘিরে কলকাতায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা হয়েছে। শনিবার বেকবাগান এলাকায় এ কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’ ও ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়ার (এনসিপিআই) উদ্যোগে বিক্ষোভ ও মিছিলটি ডেপুটি হাইকমিশনের দিকে এগিয়ে যায়। নিরাপত্তার কারণে পুলিশ মিশন থেকে কিছুটা দূরে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়।
বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে ওই এলাকার যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয় এবং উত্তেজনা সৃষ্টি হয়।
পরে বিক্ষোভকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটি হাইকমিশনে প্রবেশ করে স্মারকলিপি দেয়। এতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়। স্মারকলিপি দেওয়ার পর আন্দোলনকারীরা সেখান থেকে চলে যান।
আ.দৈ/আরএস




















