প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে মুক্ত শিক্ষক, বাড়িতে পৌঁছে দিল পুলিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্যের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ হেফাজতে নেওয়া এক স্কুলশিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ তাকে নিরাপদে নিজ বাড়িতে পৌঁছে দেয়। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।
তিনি জানান, দৌলতপুরে একটি শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই শিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিদ্যালয় প্রাঙ্গণে তাদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী ওই শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন বলে জানান মাহদী আমিন। পরে সংশ্লিষ্ট থানার পুলিশ তাকে বাসায় পৌঁছে দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মনে করেন মতের ভিন্নতা থাকা স্বাভাবিক এবং প্রত্যেক ব্যক্তির নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গি রয়েছে। কারও মতের সঙ্গে দ্বিমত থাকলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত।
তিনি আরও বলেন, ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা গণতন্ত্রকে শক্তিশালী করে। ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান এবং সহাবস্থানের সংস্কৃতি সমাজকে আরও শক্তিশালী করবে—এমন বিশ্বাসের কথাও প্রধানমন্ত্রী জানিয়েছেন।
আ.দৈ/এসআর




















