দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও ভাইরাল, পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ঘুষ লেনদেন ও আর্থিক কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো. কাউসার আহমেদ অপুর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, নুরুল আমিনের বিরুদ্ধে আর্থিক লেনদেনসংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১(১) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর একটি অংশে নুরুল আমিনকে ‘দুই কোটি টাকা’ থেকে না সরার কথা বলতে শোনা যায়। সেখানে ঠিকাদারদের বিল পরিশোধ ও বিভিন্ন প্রকল্পে মালামাল সরবরাহ নিয়েও কথোপকথন রয়েছে।
ভিডিওর আরেক অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণের দৃশ্য দেখা যায়। সেখানে টাকার পরিমাণ নিয়েও কথোপকথন শোনা যায়। তবে ভিডিওটি ঠিক কতদিন আগের এবং এতে দেখানো লেনদেনের প্রকৃতি সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই পিডিবি কর্তৃপক্ষ নুরুল আমিনের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের এই ব্যবস্থা নেয়।
আ.দৈ/আরএস




















