আমন্ত্রণ জানিয়ে বের হতে বলায় ক্ষোভ, ডিসির দাবি—বের করে দেওয়া হয়নি
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের একপর্যায়ে সভাস্থল থেকে বাইরে যেতে বলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তবে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিত্রের স্বাক্ষরিত ২৪ সেপ্টেম্বরের এক নোটিশে সভার সময় ও স্থান উল্লেখ করে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
সভা শুরুর দিকে পরিচয়পর্ব চলাকালে উপস্থিত সাংবাদিকদের দাবি, জেলা প্রশাসক মাইকে প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি ছাড়া অন্য সাংবাদিকদের সভাস্থল ত্যাগ করতে বলেন। এ সময় তিনি বলেন, “বাকিরা বের হয়ে যান, আপনাদের কাছে নিউজ পৌঁছে যাবে।”
এ বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রেসক্লাব মহম্মদপুরের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি মো. রাসেল পারভেজ মাইকে বলেন, “সাংবাদিকদের আপনি এভাবে ঘোষণা না দিলেও পারতেন।”
প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ফারহান নিপু বলেন, অতীতে মাগুরায় দায়িত্ব পালন করা জেলা প্রশাসকরা মহম্মদপুরে এলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এলাকার সমস্যা, উন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করতেন। কিন্তু বর্তমান জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এখন পর্যন্ত কোনো মতবিনিময় হয়নি বলে তিনি দাবি করেন।
দৈনিক মানবজমিনের প্রতিনিধি ও প্রেসক্লাব মহম্মদপুরের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুন নবী বলেন, আগের মতবিনিময় সভাগুলোতে সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরার সুযোগ পেয়েছেন। এবারের পরিস্থিতি ছিল ভিন্ন।
প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, সকল সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে সভায় ডাকার পর মাইকে তাঁদের বাইরে যেতে বলা দুঃখজনক। সাংবাদিকদের বের হয়ে যাওয়ার বিষয়টি এভাবে প্রকাশ্যে ঘোষণা করা আপত্তিকর উল্লেখ করে তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
তবে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, “আমি সাংবাদিকদের বের করে দিইনি। তাদের পাশের রুমে বসতে বলেছিলাম।” সভায় একজন সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন জানিয়ে তিনি বলেন, সভা শেষে ওই সাংবাদিককে খুঁজেছিলেন, কিন্তু পরে তাকে আর পাওয়া যায়নি।
এ ঘটনায় মহম্মদপুরের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
আ.দৈ/আরএস




















