‘১৭ বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে’: পানিসম্পদমন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি

গত ১৭ বছরে দেশের বিভিন্ন খাতে যে ক্ষতি হয়েছে, সেখান থেকে বের হতে সময় ও শ্রম দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, দীর্ঘদিনের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ দেশের মানুষকে নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত করেছে। ১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে বা সাত মাসে শেষ হবে—এমনটা ভাবা ঠিক নয়। এ অবস্থা থেকে বের হতে সময়, শ্রম ও ত্যাগের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, গত ১৭ বছরে শিক্ষা, চাকরির সুযোগ, সামাজিক ও পারিবারিক জীবনসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষ ক্ষতির মুখে পড়েছে। বর্তমান প্রজন্মের একটি অংশ জুলাই আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয়ে পরিবর্তনের দাবিতে ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় কাজ করে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করছেন দাবি করে এ্যানি বলেন, সরকারের দায়িত্বশীলরা তাঁর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
অনুষ্ঠানে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতাকর্মী ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















