বিএনপিতে বিদ্রোহীদের আর জায়গা হবে না: মীর শাহে আলম
বাঁশখালী প্রতিনিধি

দলের বিদ্রোহকারীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ যেন গৃহহীন না থাকেন, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়ানো এবং টেকসই বাসস্থান নির্মাণে এই আর্থিক সহায়তা ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বন্যাদুর্গত পরিবারের সদস্যরা আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















