প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
গাজীপুর প্রতিনিধি

আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া সদস্যরা হলেন এসআই (এবি) শ্রী প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির, সাকিব, শাকিল ও ড্রাইভার নায়েক কামাল। ঘটনার তদন্তে সিটিএসবির উপকমিশনার মহিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে কাশিমপুর কারাগার-১-এ ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে নামেন পিচ্চি রাজা। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।
পুলিশ ও কারাগার সূত্র জানায়, ওই দিন কাশিমপুর কারাগার থেকে ৩০ জন আসামিকে আদালতে নেওয়া হয়েছিল। হাজিরা শেষে ফেরার পথে ঘটনাটি ঘটে। পরে বাকি ২৯ আসামিকে কারাগারে নেওয়া হয়।
বিস্ফোরক আইনের একটি মামলায় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন পিচ্চি রাজা। তাকে গ্রেপ্তার ও পুনরায় আটক করতে পুলিশের অভিযান চলছে।
আ.দৈ/আরএস




















