কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ১৮টি থানায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার রাতে পরিচালিত এ অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৬২৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানার পুলিশ একযোগে মাঠে নামে। নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও জেলার প্রতিটি থানার যেসব এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানেও অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অভিযানে আটক ৬২৪ জনের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের ধরন ও অতীত রেকর্ড যাচাই করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আ.দৈ/এসআর




















