চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর খুলশী আবাসিক এলাকার একটি ভবন থেকে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে রিমান্ডের বিষয়ে আগামী ২০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে খুলশীর ওই ভবনে কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে চীনের পাঁচজন, লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, নেপালের একজন ও ভিয়েতনামের একজন নাগরিক রয়েছেন।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ল্যাপটপ ও মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশে বসে অনলাইন জুয়া পরিচালনা এবং চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার কাজে জড়িত থাকার উদ্দেশ্যে তারা দেশে এসেছিলেন।
এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ।
আ.দৈ/আরএস




















