বিয়ের আশ্বাস ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালীগঞ্জে বিয়ের আশ্বাস এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের বাসিন্দা জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই কলেজছাত্রীকে একটি গেস্ট হাউসে নিয়ে যান জাহিদ। সেখানে তাঁকে ধর্ষণের পাশাপাশি ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে মামলায় দাবি করা হয়েছে।
পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পূবাইলের মিরের বাজারের একটি গেস্ট হাউস, বিভিন্ন হোটেল-রিসোর্ট এবং সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
মামলায় আরও বলা হয়েছে, পরে ওই কলেজছাত্রী জাহিদকে বিয়ের জন্য চাপ দিলে তাঁকে মারধর করা হয়। গত মঙ্গলবার বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদের বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন, জাহিদ এরই মধ্যে একাধিক বিয়ে করেছেন এবং তাঁর একটি সন্তানও রয়েছে।
এরপর বিষয়টি নিয়ে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় আনা অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাহিদ মুন্সির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আ.দৈ/আরএস




















