রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করলেন সিলেট বিএনপির নেতারা
সিলেট প্রতিনিধি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে সিলেটে গিয়ে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেননি বিএনপির কয়েকজন সংসদ সদস্যসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অনেক নেতা।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা না করে সংবর্ধনার আয়োজন এবং অনেক নেতাকর্মীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা অনুষ্ঠানটি বয়কট করেন।
বয়কটকারীদের মধ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর ও দুই মাজারে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন। তবে সিটি করপোরেশনের সংবর্ধনা আয়োজনের পদ্ধতি নিয়ে অসন্তোষ থাকায় তারা অনুষ্ঠানে যাননি।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, রাষ্ট্রপতির প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তবে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে নির্যাতিত অনেক নেতাকর্মী সংবর্ধনায় আমন্ত্রণ না পাওয়ায় তিনি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, তারা রাষ্ট্রপতির সঙ্গে শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে ছিলেন এবং সফর শেষে বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
আ.দৈ/আরএস




















