নোরার ‘খেলনা বিমান’ মন্তব্য, ৩ কোটি রুপির মানহানি মামলা
বিনোদন ডেস্ক

উড়োজাহাজকে ‘খেলনা’ ও ‘লেগো এয়ারপ্লেন’ বলার জেরে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের এভিয়েশন প্রতিষ্ঠান ডিউনস এভিয়েশন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের একটি চার্টার্ড বিমানে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা। ভ্রমণের সময় বিমানের ভেতরের ভিডিও ধারণ করে তা ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি।
ভিডিওতে উড়োজাহাজটিকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ হিসেবে উল্লেখ করেন নোরা। তার এমন মন্তব্যকে আপত্তিকর দাবি করে এভিয়েশন কোম্পানিটি বলেছে, মন্তব্যগুলো দায়িত্বজ্ঞানহীন এবং বাস্তব বা প্রযুক্তিগত ভিত্তিহীন।
কোম্পানিটির দাবি, নোরার বিপুলসংখ্যক অনুসারীর কারণে তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রভাব ফেলেছে। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমেছে এবং ফ্লাইট বাতিলের হার বেড়েছে।
গুজরাটের গান্ধীনগর আদালতে করা মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৩ কোটি রুপি দাবি করেছে ডিউনস এভিয়েশন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ারও দাবি জানানো হয়েছে।
আ.দৈ/আরএস




















