বিষাক্ত কেমিক্যালে নকল আইসক্রমি তৈরি হচ্ছে !
বাসাবোতে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা (ভিডিও)
আবুল কাশেম

রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় ৩০/২০ কুসুমবাগের দক্ষিনবাগে ‘ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে’ স্বাস্থ্যের জন্য মারাত্নক ক্ষতিকারক উপকরণ ও নাম ঠিকানা বিহীন বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল ব্যবহার এবং নিষিদ্ধ গণচিনী (সেকারিন) দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম ‘ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিতে’ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

‘আজকের দৈনিক পত্রিকাকে ’ এই তথ্য নিশ্চিত করেছেন, ডিএসসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান। তিনি আরো জানান, আজ মঙ্গলবার ওই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট ও ভেজাল বিরোধী অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ‘ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিতে’ নোংরা পরিবেশে বিভিন্ন প্রকার আইসক্রীম উৎপাদন করতে দেখা যায়। প্রতিষ্ঠানের নাম ‘ভেনিস’ হলেও মালিক পক্ষ প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ‘ড্যানিশ এবং 7up নামে লেবেলিং সংবলিত আইসক্রীম উৎপাদন ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করতে থাকেন।

তিনি আরো জানান, ওই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ‘ভ্যানিলা ফ্লেভার’ সংরক্ষণ করতে দেখা যায়। আইসক্রীম রাখার স্টোরেজে মাছ-মাংস সংরক্ষণ করতে দেখা যায়। অভিযানকালে জালিয়াতির আরো কিছু বিষয় ধরা পড়েছে, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআইয় সনদ নেই। তারা এসব সনদপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধ স্বীকার করায় তাদের বিরুদ্ধে “নিরাপদখাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষনিকভাবে ওই অর্থ আদায় করা হয়। আর নাম ঠিকানা বিহীন বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল ও উপকরণ জব্দকরে ধ্বংস করা হয়েছে।
আ.দৈ./একে




















