শাড়ির জন্য আদালতে আসা কাম্য নয়: তানজিন তিশা
বিনোদন ডেস্ক

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেন।
জামিনের পর তিশা বলেন, “আমার ১৫ বছরের ক্যারিয়ার। ২৭ হাজার টাকার একটি শাড়ির জন্য আদালতে আসা কাম্য নয়।” তিনি দাবি করেন, তাকে হয়রানি ও হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিশা। পরে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে পেজটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে মামলা করেন।
ডিবির তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। এর পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।
আ.দৈ/আরএস





















