সালমান শাহর ভাই শাহরানকে ‘একইভাবে’ হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদক :

ছবিতে- বামে সালমান শাহ, মাঝে ভাই শাহরান ও ডানে কারাবন্দি গলায় মালা ডন
বাংলাদেশের ইতিহাসে জনপ্রিয় ‘চিত্রনায়ক সালমান শাহের’ রহস্যময় মৃত্যুর ঘটনাটি বহু পরে অবশেষে হত্যাকান্ডের চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসছে। শুধু তাইনয়,চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে ‘বাড়াবাড়ি না করার’ হুমকি পেয়েছেন মামলার বাদী সালমান শাহর ভাই শাহরান শাহ ও তার মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই হুমকিতে মামলা নিয়ে বেশি এগোলে সালমান শাহর ভাই শাহরানকেও ‘একইভাবে’ হত্যা করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান আলমগীর কুমকুম। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া হুমকি বার্তার একটি স্ক্রিনশট সাংবাদিকদের দেখান।
আলমগীর কুমকুম জানান, সালমান শাহর ভক্ত পরিচয়ে ‘মামুন’ নামে এক ব্যক্তি ফেসবুক লাইভে যাওয়ার পর সেখানে দেওয়া মন্তব্যে ‘শাকিল কিবরিয়া (Shakil Kibria)’ নামের একটি আইডি থেকে ওই হুমকি দেওয়া হয়। মন্তব্যে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করা হয়। অন্যথায় তার ভাই শাহরানকেও একইভাবে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, “এ ঘটনায় আমরা রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি। সালমান শাহ হত্যা মামলাটিও রমনা থানায় দায়ের করা হয়েছে।”
ডনের জামিন নামঞ্জুর:
এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উপস্থিত ছিলেন মামলার বাদী আলমগীর কুমকুম।
ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নাকচ করে দেন। এর আগে গত রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ফেসবুক লাইভে হুমকির অভিযোগ:
সালমান শাহর ভক্ত পরিচয় দেওয়া ‘মামুন’ সাংবাদিকদের জানান, সালমান ভক্তদের নিয়ে মানববন্ধনের আহ্বান জানাতে তিনি ফেসবুকে লাইভে ছিলেন। ওই সময় লাইভের মন্তব্যে শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে সেই মন্তব্যটি মুছে ফেলা হয়।
তিনি বলেন, হুমকির বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সালমান শাহ হত্যা মামলায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন:
সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সামিরা হক, তার মা লতিফা হক লিও, আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন।
যেভাবে সালমান শাহর মৃত্যু:
চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে মারা যান। তার মৃত্যুর পর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে একটি অপমৃত্যুর মামলা করেন।
পরবর্তীতে সালমান শাহকে হত্যা করা হয়েছে,এমন অভিযোগ তুলে ১৯৯৭ সালের ২৪ জুলাই ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়। দীর্ঘ সময় পর আবারও তার মৃত্যুর ঘটনা নিয়ে হত্যা মামলা ও তদন্তের বিষয়টি সামনে এসেছে।
আ. দৈ./কাশেম




















