ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বহুজন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় মঙ্গলবার দুপুর থেকে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা এলাকা এবং ঢাকা কলেজকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এসব সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ আগস্ট উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের উপস্থিতিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। প্ল্যাকার্ডে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রতিনিধিরা।
সংঘর্ষে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, আইনবিষয়ক সম্পাদক ফারুক, সদস্য আব্দুল্লাহ আল ফারুকসহ একাধিক নেতা আহত হন। এছাড়া জবি শাখা ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌসে শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিভ, কয়েকজন শিক্ষক এবং অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের একপর্যায়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ ও জবি শাখা ছাত্রশিবিরের সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।
একই সময়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকাতেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুপুর আড়াইটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের নেতাকর্মীরা ন্যাশনাল মেডিকেলের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরে বিকেল ৪টার পর আলিয়া মাদ্রাসা এলাকাতেও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহতদের ওপরও হামলা চালানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের ভেতরে আহতরা অবস্থান করছিলেন এবং বাইরে দুই পক্ষের নেতাকর্মীদের অবস্থান ছিল।
অন্যদিকে, ঢাকা কলেজেও দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত মালেককে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দুপুর দেড়টার দিকে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল বের করে।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতিকালে ছাত্রদলের একটি দল এসে তাদের ওপর হামলা চালায়। তবে এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দিনভর চলা এসব সংঘর্ষে ক্যাম্পাসগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন এবং নিরাপত্তা জোরদার করা হয়।
আ.দৈ/আরএস




















