অন্তর্বর্তী সরকারের লাগামহীন দুর্নীতি ধরতে মাঠে নামবে দুদক টিম : নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশন(দুদক) নতুন সচিব সাইদুর রহমান খান বলেছেন,অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত নানা অনিয়ম, লাগামহীন দুর্নীতি, লোপাট ও মানিলন্ডারিং অপরাধের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তে নামবে দুদক টিম। তিনি বলেন, সম্প্রতি জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয় অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্টদের ধরতে মাঠে নামবে।
আজ রোববার (২ আগস্ট) দুদকে যোগদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুন সচিব এসব কথা বলেন। তিনি বলেন, দুদকের ভাবমূর্তি উন্নয়ন ও কার্যক্রমে গতি ফেরাতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়া হবে।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ২০২৫ সালের এক জরিপে দাবি করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় অন্তর্বর্তী সরকারের আমলে সেবাখাতে দুর্নীতির হার ১০ শতাংশের বেশি বেড়েছে। এ জরিপের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড দুদকের মাধ্যমে তদন্তের আহ্বান জানান। একই অধিবেশনে আওয়ামী লীগ সরকারের সময়ে মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগও আলোচনায় আসে।

এতিকে আজ দুপুরে দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন র্যাকের সভাপতি শাফিউদ্দন আহমদ, সাধারণ সম্পাদক কাবারুল হক। ওই সময় দুদকের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী (বিশেষ তদন্ত), প্রধান জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) মো. আকতার উল ইসলাম, সহকারী জনসংযোগ কর্মকর্তা মো.তানজীর আহমেদ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের নতুন সচিব বলেন, বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদে উত্থাপিত অভিযোগগুলো কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অভিযোগের প্রকৃতি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।
তিনি আরও বলেন, দুদককে ঘিরে বিভিন্ন ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। সেসব দূর করতে সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রায় পাঁচ মাস ধরে কমিশন না থাকায় দুদকের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে উল্লেখ করে সাইদুর রহমান খান বলেন, খুব দ্রুত নতুন কমিশন নিয়োগের মাধ্যমে সংস্থার স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের সচিব সাইদুর রহমান খানকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি গত ৫ জানুয়ারী থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন সদস্য।
শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী এবং শিক্ষায় এম এ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের গ্রীনউইচ ইউনিভারসিটি থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন। তার নিজ জেলা রাজশাহী।
আ. দৈ./কাশেম




















