‘ যুবকরা ঐক্যবদ্ধ হলে দুর্নীতি অর্ধেকও থাকবে না’
দুদকের ডিজি মোতাহার হোসেনের বিদায় অনুষ্ঠানে সহকর্মীদের স্মৃতিচারণ
আবুল কাশেম:

দুর্নীতি দমন কমিশনের তদন্ত-২ এর মহাপরিচালক মোতাহার হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘকর্মজীবনের অনেক স্মৃতিচারণ করা হয়। আজ সোমবার (৬ জুলাই) বিকেলে দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে আয়োজিত উক্ত বিদায়ী অনুষ্ঠানে দুদকের অতীত ও ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নিয়েছে মোতাহার হোসেনের সহকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী মহাপরিচালক মোতাহার হোসেন সহ মহাপরিচালকবৃন্দ।
অনুষ্ঠানে অংশ নিয়েছেন, মহাপরিচালক (লিগ্যাল) মোহাম্মদ আলী হোসাইন, (প্রশাসন) আবু হেনা মোস্তফা জামান, মহাপরিচালক (বিশেষ তদন্ত) মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী, মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত - ১) মুহাম্মদ রেজাউল কবীরমহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি) আবদুল্লাহ-আল-জাহিদ।
এরআগে আজ সোমবার দুদকের কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন ‘দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের’পক্ষ থেকে সংস্থার তদন্ত-২ এর মহাপরিচালক মোতাহার হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালক মো. মোকাম্মেল হক। তিনি দেশের সৎ, সাহসী, প্রতিবাদি ও দেশপ্রেমিক যুবকদের উদ্দেশ্যে বলেছেন, দেশের সাড়ে তিন কোটি যুবক আছে। এই যুবকরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হলে অন্তত ৫০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর যু্ব সমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসলে দুর্নীতি অর্ধেকও থাকবে না।
অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে মহাপরিচালক মোতাহার হোসেন বলেন, দেশের স্বার্থে দুদককে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্ব পালনের সময় মানসিক চাপের মধ্যে কাজ করতে হয়েছে। বর্তমানে কাজের পরিবেশ অনেকটাই ইতিবাচক হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহাপরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী, মহাপরিচালক মুহাম্মদ রেজাউল কবীর,মহাপরিচালক আবদুল্লাহ-আল-জাহিদ মহ আরো অনেকে।
আলোচক বৃন্দ বলেন, শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের, বিশেষ করে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তবে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে যুব সমাজের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সমাজের তরুণদের সম্পৃক্ত করা গেলে দুর্নীতি বিরোধী লড়াই আরও কার্যকর হবে।
উল্লেখ্য,সম্প্রতি সরকার মোতাহার হোসেনকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। তার বিদায়ী সংবর্ধনায় দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম




















