সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম মহানগরীতে গণঅভ্যুত্থানে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর প্রতিবাদে সমাবেশ
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৫:০১ পিএম   (ভিজিট : ২৫২)
X

চট্টগ্রাম মহানগরীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত তানভীর ছিদ্দিকীর চাচাতো ভাই ও মহেশখালী উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমান জিয়াকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর জামালখান প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ করা হয়।

এসময় জিয়াউর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন পরিবারের সদস্য, স্বজন ও ছাত্র জনতা। তাদের দাবি-মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তানভীর সিদ্দিকী হত্যা মামলার অন্যতম আসামি তারেক বিন উসমান শরীফের ইন্ধনেই জিয়াকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের নিজ বসতভিটা থেকে উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদ তানভীর সিদ্দিকীর চাচাতো ভাই জিয়াউর রহমান জিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান কোস্ট গার্ড। কিন্তু পরিবারের দাবি জিয়াউর রহমান জিয়াকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। এই ঘটনায় শুক্রবার মহানগরীর জামালখান প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে করা হয়।

এসময় শহীদ তানভীর সিদ্দিকীর ফুফু খায়রুন্নেছা রুবি বলেন, যুবদল নেতা জিয়াকে গ্রেফতারের পেছনে ইন্ধন দিয়েছে তানভীর সিদ্দিকী হত্যা মামলার অন্যতম আসামি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উসমান গণি। তার সে সময়ের রাজনৈতিক সহযোগী, বন্ধু ও ছাত্রলীগের ক্যাডারদের অনেকে বর্তমানে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। তিনি এই মাফিয়া নেটওয়ার্ক ব্যবহার করে জাতীয়তাবাদী নেতাকর্মী ও জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের নিধনের ঘৃণ্য মিশনে নেমেছেন।

এসময় তানভীর সিদ্দিকীর চাচা কামরুল হাসান রুবেল বলেন, ৫-৬ আগস্ট পরবর্তী সময়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রচারিত খবরে মহেশখালী থানায় হামলা কিংবা পুলিশের অস্ত্র লুটের অভিযোগ পাওয়া যায়নি। তবে কক্সবাজার মডেল থানা, ঈদগাও থানা এবং চট্টগ্রামের চাঁন্দগাও থানায় উত্তেজিত জনতা হামলার খবর বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। কিন্তু জুলাই বিপ্লবের সেই উত্তাল সময়ে জিয়া মহেশখালী অবস্থান করছিল। এমতাবস্থায় তার কাছে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারের তথাকথিত দাবি কীভাবে যুক্তিসংগত হতে পারে?

তানভীর সিদ্দিকীর চাচাতো ভাই দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, তানভীর সিদ্দিকীর চাচা মহেশখালী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাবেক ছাত্রদল নেতা রবিউল হাসান, আরকান শাহরিয়ার, মো. কাজল, শ্রমিক দল নেতা সরওয়ার আলম, চট্টগ্রাম যুব ক্যাবের সভাপতি মো. আবু হানিফ, ইসলামি ছাত্র শিবির নেতা নিয়াজ উদ্দিন দিনার, সৈয়দ সোহরাব সাহল, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেল, বিশ্ববিদ্যালয় ও সাধারণ জনগণ।

আ. দৈনিক / কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝