কোরবানির ময়লা সংরক্ষণে ব্যাগ ও ব্লিচিং পাউডার দিচ্ছে রাসিক
রাজশাহী প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির ময়লা সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রথমবারের মতো নগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
গত বৃহস্পতিবার (২১ মে) নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি কয়েকজনের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝেও এসব সামগ্রী বিতরণ করেন।
রাসিক সূত্রে জানা গেছে, এ উদ্যোগের আওতায় মহানগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য ২টি বড় পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল হওয়ায় মাটির সঙ্গে মিশে যাবে এবং ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে রাসিকের দেওয়া ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখতে হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত সংগ্রহ করতে পারেন। একই সঙ্গে পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ব্যবহারেরও পরামর্শ দেন তিনি।
রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, সারাদেশের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, যা একটি উদ্ভাবনী পদক্ষেপ।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আ.দৈ/আরএস




















