নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার
বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক কোটি ১৯ লাখ ৭০ হাজার ৬শ টাকা বলে জানিয়েছে বিজিবি।
গতকাল মঙ্গলবার (১৯ মে) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা রামু উপজেলার গর্জনিয়া গরুর হাট সংলগ্ন চাকমারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, অভিযানের এক পর্যায়ে চাকমারহাট এলাকার একটি পাট ক্ষেতের মধ্যে সন্দেহজনকভাবে ফেলে রাখা একটি বস্তা দেখতে পায় টহলদল।
পরে সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় খয়েরি রঙের ৩৯ হাজার ৫০২ পিস এবং সবুজ রঙের ৪০০ পিসসহ মোট ৩৯ হাজার ৯০২ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় ইয়াবার মালিক বা চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আ.দৈ/আরএস




















