মান্ডার ভবনের বেজমেন্টে মরদেহের মাথাবিহীন ৭ টুকরো
বিশেষ প্রতিবেদক

রাজধানীর মুগদা এলাকার একটি বাসার বেজমেন্ট থেকে মাথাবিহীন মানুষের ৭ খণ্ড উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মে) মুগদা থানার মান্ডা ১ম গলি, আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর বাড়ি ‘শাহনাজ ভিলার বেজমেন্টে থেকে টুকরোগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়ভাবে জানা গেছে, মরদেহের খণ্ডিত অংশগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় ওই বাড়ির বেজমেন্টে পড়ে ছিল। ৭টি খণ্ডে দেহটি উদ্ধার করা হয়েছে এবং পেট থেকে ভুঁড়ি বেরিয়ে এসেছে। তবে অনেক খোঁজাখুঁজি করেও মরদেহের মাথাটি পাওয়া যায়নি। পুরো দেহটি পচে-গলে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় কিংবা বয়স নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানিয়েছেন, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— অন্তত ৬ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অপরাধীরা ওই ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে লাশ টুকরো টুকরো করে পলিথিনে ভরে এই বাড়ির বেজমেন্টে ফেলে রেখে যেতে পারে।
মরদেহের টুকরোগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং খুনিদের চিহ্নিত করতে পুলিশ ওই বাড়ির আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই শুরু করেছে।
আ.দৈ/আরএস




















