সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার
হাবিবুর রহমান, সিরাজদিখান(মুন্সিগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ২৪ ঘণ্টাব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ( ৪ মার্চ ) আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গত ৩ মে থেকে টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত এসব আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্ট ও বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান জোরদার করা হবে।
আ.দৈ./ এম.এস




















