
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি স্বর্ণের দোকানের সাঁটারের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই ঘটনায় দায়িত্বে থাকা নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ চাঁদপুরের হাজীগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) দিবাগত রাতে রামগঞ্জ পৌর শহরের পাটবাজার এলাকায় নিউ আপন শিল্পালয়ে এ চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে শনিবার সকালে রামগঞ্জ–হাজীগঞ্জ সড়কের পাশ থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফরিদ রামগঞ্জ পৌরসভার মিজি বাড়ির মো. শাহাজাহানের ছেলে। তিনি স্থানীয় বাজারে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয়দের ধারণা, ডাকাতির ঘটনা দেখে ফেলায় তাকে অপহরণ করে হত্যা করা হয়ে থাকতে পারে। বাজারের সিসিটিভি ফুটেজে সাদা মাইক্রোবাসে কয়েকজনকে ঘটনাস্থলে আসতে দেখা গেছে বলেও দাবি করা হচ্ছে।
ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী রূপন শীল জানান, দোকান থেকে স্বর্ণ ও রুপার অলংকারসহ সিন্দুক নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তথ্য ও আলামত সংগ্রহ করা হচ্ছে। কত টাকার মালামাল চুরি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদপুর পিবিআই জানায়, সকালে অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করা হলেও পরে তার পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।
রামগঞ্জ থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
আ.দৈ./ এম.এস




















