রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার বাবা, মুখ খুললেন পূজা চেরি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ১২৪)
X

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়। এরপর থেকে খবরের শিরোনামে পূজা। তবে নায়িকা জানালেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। নিজের অবস্থান পরিষ্কার করে সোশ্যাল মিডিয়ায় পূজা অনুরোধ করেন, এই ঘটনায় তাঁর নাম না জড়াতে।

ফেসবুকে পূজা লেখেন, ‘আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।

আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রোডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নই।’

পূজা আরও লেখেন, ‘একজন শিল্পী হিসেবে আমি সব সময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদ্‌ঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন।’

সবশেষে পূজার অনুরোধ, ‘এই স্পর্শকাতর সময়ে অহেতুক আমাকে বা আমার কাজকে এই ঘটনার সঙ্গে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।’


গত শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়ের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন মিজানুর রহমান নামের এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, চলচ্চিত্র প্রযোজনার কথা বলে বিভিন্ন সময়ে ১৩ কোটি ২০ লাখের বেশি টাকা নিয়েছিলেন পূজার বাবা। সেই টাকা আর ফেরত দেননি। গতকাল এই মামলায় গ্রেপ্তার হন দেব প্রসাদ রায়।

অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত নন বলে পূজা আত্মপক্ষ সমর্থন করলেও সমালোচনা তাঁর পিছু ছাড়ছে না। বাবার পাশে না থাকায় অনেকেই এই নায়িকাকে তির্যক মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়ায়। টাকার কারণে বাবাকে অস্বীকার করছেন পূজা—এমন মন্তব্যও করছেন কেউ কেউ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝