কলেজ শিক্ষার্থীকে ৮ তলা থেকে ফেলে হত্যা মামলার ৪ জনকে গ্রেপ্তার
রাজু চৌধুরী (চট্টগ্রাম)

নগরের চকবাজার থানার মৌসুমী এয়াকার নির্মাণাধীন একটি ভবনের ৮ তলা থেকে ফেলে দিয়ে আশফাক কবির সাজিদ (১৭) নামের কলেজছাত্রকে হত্যার অভিযোগে দায়ের হওয়া হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ভবনটির দারোয়ান এনামুল হক, আইমন, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েস।
এর আগে গত ১২ এপ্রিল রাতে চকবাজার থানার ডিসি রোড এলাকার মৌসুমী আবাসিকের একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ধারনা করছে, পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।মৃত আশফাক কবির সাজিদ চট্টগ্রাম নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার আবুল হাশেম খন্দকারের ছেলে। পরিবারের সাথে বাকলিয়া ডিসি রোডে একটি বাসায় ভাড়া থাকতেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, সাজিদ হত্যার ঘটনায় তার বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে গত সোমবার সাত জনের নামে চকবাজার থানায় মামলা করেছেন। এ ঘটনায় ভবনটির দারোয়ান এনামুল হকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি বাবুল আজাদ।
আ.দৈ/আরএস




















