ডিএনসিসির ৩০৩২ জন পরিচ্ছন্নতাকর্মী প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেয়েছে
আবুল কাশেম:

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপলক্ষে বোনাস হিসেবে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার আজ মঙ্গলবার (১৭ মার্চ ) আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়। প্রশাসক বলেন, এবারই প্রথম পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই বোনাস প্রদান করা হলো।
রাজধানীর মিরপুরের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া ঈদ উপহার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিতরণ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ মাহমুদা আলী ।
প্রশাসক আগামীকাল থেকে নতুন উদ্যোমে কাজ শুরুর আহবান জানিয়ে বলেন, নগর পরিচ্ছন্নতায় আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আগামী ঈদে আরও বেশি বোনাস প্রদান করা হবে। তিনি বলেন, “আমি আপনাদের সহযোগী, আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা একসাথে এ শহর পরিচ্ছন্ন রাখতে কাজ করবো।”
ডিএনসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার নির্দেশনা দিয়েছেন, সরকার আপনাদের প্রতি আন্তরিক। আপনারাও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর,আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব)মোহাম্মদ জালাল উদ্দিন, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ বেনজীর আহমেদ,সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন,পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠন ‘অ্যাস্কেভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক জামামল হোসেনসহ সংগঠনের নেতারা।
আ. দৈ./কাশেম




















