ভোটের জন্য মাঠে নায়িকা শিমলা
বিনোদন ডেস্ক

মাত্র কয়েক দিন পরই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আসন্ন এ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে এখন আমেজ বিরাজ করছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনি প্র্রচারণায় যুক্ত হয়েছেন শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা। এবার নির্বাচনি প্রচারণায় দেখা গেল আলোচিত চিত্রনায়িকা শিমলাকে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে একঝাঁক শিল্পীদের বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা গেছে। এ সময় চিত্রনায়িকা শিমলা ছাড়াও ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান ও অভিনেতা শাহেদ।
শিল্পীরা পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে এ সময় কথা বলেন। তারা ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় শিমলা বলেন, আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেয়ার জন্য সম্মতি জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নেন শিমলা। অভিষেক চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি।
এরপর কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। তবে দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত তিনি। এবার হঠাৎ ভোটের মাঠে একসময়ের সেই জনপ্রিয় নায়িকাকে দেখে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।
আ.দৈ/আরএস





















